চট্টগ্রামে বিএনপির ভূমিধস বিজয়, বিএনপি ২১, জামায়াত ২

সারাদিন ভোটগ্রহণ শেষে চট্টগ্রাম জেলা, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের আসনগুলোর ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল অনুযায়ী, এখানকার মোট ২৩ টি আসনের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে বিএনপির প্রার্থীরা। আর ২ টিতে জয় পেয়েছে জামায়াত ইসলামী। এরমধ্যে জামায়াতের হেভিওয়েট নেতা হামিদুর রহমান আজাদও পরাজিত হয়েছেন। ১১ দলীয় জোটের শীর্ষ নেতা কর্নেল অলির আসনে তার ছেলেও সামান্য ভোটে হেরে গেছেন।

চট্টগ্রাম অঞ্চলের মধ্যে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪ টিতে জয় পেয়েছে বিএনপি। বিজয়ী প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও আছেন। আমীর খসরু বড় ব্যবধানে জিতেছেন। আরেক হেভিওয়েট নেতা আসলাম চৌধুরী জিতলেও ঋণ খেলাপী হওয়ায় তার ফলাফল স্থগিত থাকবে। একই কারণে চট্টগ্রাম-২ আসন থেকে জয়ী হওয়া ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীরের ফলাফলও আপাতত স্থগিত থাকবে বলে জানা গেছে।

কক্সবাজারের ৪ টি আসনের সবটাতেই জয় পেয়েছে বিএনপি। এদের মধ্যে কক্সবাজার ১টি আসনে (চকরিয়া -পেকুয়া) বিএনপির হেভিওয়েট নেতা স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বড় ব্যবধানে জিতেছেন। কক্সবাজার-২ আসনে হেরেছেন জামায়াতের প্রভাবশালী নেতা সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। তবে কক্সবাজার ৩ (সদর- রামু) ও কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে জামায়াত।

এদিকে পার্বত্য চট্টগ্রামের ৩ আসনেই বড় ব্যবধানে এগিয়ে আছে বিএনপির ধানের শীষের প্রার্থীরা। এই তিনটি আসনের শুধুমাত্র খাগড়াছড়ি আসনে নির্বাচন করছে জামায়াত প্রার্থী। আর বাকি আসন রাঙামাটি ও বান্দরবান আসন যথাক্রমে খেলাফত মজলিস ও এনসিপিকে ছেড়ে দেয়া হয়।