সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের নামে ঢালাও গ্রেপ্তার মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, অভিযানের আগে আসামির নাম–ঠিকানা না জানিয়ে কাউকে ধরতে গেলে বড় ধরনের ‘জনবিস্ফোরণ’ ঘটতে পারে, যার দায় প্রশাসনকে নিতে হবে।
ইয়াসিনের এ বক্তব্যের একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে, বুধবার বিকেলে জঙ্গল সলিমপুরের আলীনগরে নিজের কার্যালয়ে প্রায় ২৯ মিনিটের বক্তব্য দেন তিনি। ভিডিওতে ইয়াসিন নিজেকে সন্ত্রাসী নন দাবি করে বলেন, জঙ্গল সলিমপুরের জমি তাঁদের ক্রয় করা সম্পত্তি এবং সেখান থেকে তাঁদের উচ্ছেদ করা যাবে না।
বক্তব্যে ইয়াসিন জঙ্গল সলিমপুরে র্যাবের সাম্প্রতিক অভিযানের সততা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযানের তদন্ত দাবি করেন। একই সঙ্গে এলাকার অস্থিরতার জন্য চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক (বহিষ্কৃত) রোকন উদ্দিনকে দায়ী করেন তিনি।
গত সোমবার জঙ্গল সলিমপুরে র্যাবের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় বুধবার রাতে সীতাকুণ্ড থানায় করা মামলায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০০ জনকে।
এজাহারে বলা হয়, ইয়াসিনের নির্দেশে র্যাব সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়, এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয় এবং চার র্যাব সদস্যকে অপহরণ করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ইয়াসিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান জানান, অভিযানে কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।