চট্টগ্রামে অস্ত্রসহ ছবি ভাইরাল হওয়া যুবককে আটক করেছে সেনাবাহিনী। তার নাম শওকত আলী। বুধবার ৭ জানুয়ারি ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায থেকে তাকে আটক করা হয়। তবে ভাইরাল সেই অস্ত্র উদ্ধার করা যায়নি।
আটক শওকত আলী একই ইউনিয়ন ও এলাকার গোল বক্সের ছেলে। তিনি একাধিক মামলা আসামি।
সেনাবাহিনী জানায়, আটক শওকত আলী দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অস্ত্রসহ ছবি ভাইরাল হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর সেনাবাহিনীর টাস্কফোর্স-৪ এবং ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর তত্ত্বাবধানে বুধবার ভোরে অভিযান চালিয়ে চারাবটতল এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়।
আটক শওকত আলীর বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তার কাছে অস্ত্র না পাওয়ায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।