বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউ এখন নেতা-কর্মীসহ সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছেছে মানুষের ঢল। অন্যদিকে কলেজ গেইট, আসাদ গেইট হয়ে ধানমন্ডি-২৭ ছড়িয়ে গেছে জানাজায় অংশ নেওয়া মানুষে উপস্থিতি। বিজয় স্মরণী হয়ে আগারগাঁও, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে, গণ ভবন এলাকা পর্যন্ত জনস্রোত।
বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জনতার ঢল মানিক মিয়া থেকে কারওয়ান বাজার পর্যন্ত মানুষ সড়কে জানাজার জন্য দাঁড়িয়ে আছে। জানাজা ঘিরে এই রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিজয় সরণি পর্যন্ত মানুষ দেখা গেছে। এখনো দলে দলে মানুষ পায়ে হেঁটে আসছেন।
মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত আসছে। জিয়াউর রহমানের সমাধি সৌধ এলাকায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্যণীয়। বেগম খালেদা জিয়াকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।