বহুরূপী জিসান: ছাত্রলীগ থেকে ছাত্রদলে, ছিনতাই মামলায় ধরা পুলিশের জালে

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারী সন্দেহে কে.এম মিজবাহ উদ্দিন জিসান (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ। বহুরূপী এ জিসান এর আগে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। রাজনীতির পাশাপাশি চুরি,ছিনতাই ও মাদক ব্যবসায় পটু ছিলেন তিনি। অবশেষে ছিনতাইয়ের ঘটনায় ধরা পড়ে তার আসল মুখোশ বেরিয়ে এলো।

আজ (শুক্রবার) ভোর ৪ টার দিকে কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ বলছে, কে.এম মিজবাহ উদ্দিন জিসান (২৫) আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটা বিশেষায়িত দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পটিয়া থানায় ৪টি চুরি-ছিনতাইয়ের মামলা রয়েছে।

জানা গেছে, জিসান ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। বিগত সরকারের সময়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ ছিলো তার। কিন্তু দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে দল পরিবর্তন করে ছাত্রদলে যোগ দেন জিসান। বনে যান ছাত্রদলের একনিষ্ঠ কর্মী। দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ ছাড়াও ছাত্রদল নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেছে জিসান।

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক রবিউল হোসেন রবি বলেন, ছেলেটাকে ঠিক চিনতেছি না। তবে অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, অপরাধীর দলীয় পরিচয় আমাদের কাছে বিবেচ্য নয়। চুরি-ডাকাতি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।