নরসিংদীতে বসে চট্টগ্রাম থেকে কোটি টাকা হাতানো প্রতারক গ্রেফতার

নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় বসে দুই সহোদর চট্টগ্রামের বিভিন্ন সরকারি বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের ছবি ও পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করছে। তারা চট্টগ্রাম থেকে অন্তত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন-এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। চক্রটি চট্টগ্রামসহ সারাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) আড়ালে মসজিদে এসি স্থাপন, এতিমখানায় সহায়তা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের নামে কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।

অবশেষে চক্রটির সন্ধান পেয়েছে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা। তারা ৯ জুলাই নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রটির অন্যতম সদস্য শরীফুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে নগদ ৪ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের চেক বই, ভুয়া ট্রেড লাইসেন্স, ৮টি মোবাইল ফোন, সিমকার্ড, সিল, পাসপোর্ট, এনআইডি কপি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজপত্রসহ প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার জানান, প্রতারক চক্রটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবসার আড়ালে হুন্ডি, অনলাইন জুয়া ও হ্যাকিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনে জড়িত ছিল। বিষয়টি গোয়েন্দা পুলিশের নজরে এলে তদন্ত শুরু হয়।

তদন্তে জানা যায়, চক্রের মূলহোতা শরীফুল ইসলাম ও তার বড় ভাই আরিফুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতারণা কার্যক্রম পরিচালনা করছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, চক্রটি সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে, পরে তাদের পরিচিতদের কাছে ‘সরকারি কর্মকর্তা’ পরিচয়ে অর্থ দাবি করত। অনেকেই সরল বিশ্বাসে মসজিদে এসি লাগানো কিংবা এতিমখানায় দান করার উদ্দেশ্যে টাকা পাঠিয়ে প্রতারিত হয়েছেন।