ফটিকছড়িতে জামায়াতের তিন নেতা কর্মী  গ্রেফতার

 

ফটিকছড়িতে জামায়াতের তিন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযান  চালিয়ে মঙ্গলবার (১ আগস্ট) ভোর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভূজপুর থানা জামায়াতের আমির নূর  মোহাম্মদ আল কাদেরী,  পাইন্দং ইউনিয়ন জামায়াতের আমির নবীর  হোসেন মাসুদ ও ইমাম হোসেন।

জানতে চাইলে মামলার বাদী উপজেলা রোসাংগিরী ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক  মো. ইব্রাহিম বলেন গতকাল জামায়াতের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায়  সিনিয়র নেতাদের পরামর্শ নিয়ে থানায় মামলা দায়ের করেছি।

এ নিয়ে ফটিকছড়ি উপজেলা জামায়াতের  আমির  নাজিম উদ্দিনের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মোবাইলে একাধিক বার  কল দিলেও তাকে পাওয়া যায়নি।

১আগষ্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও সেক্রেটারী আলাউদ্দীন সিকদার বলেন,

রাতের অন্ধকারে নিজ বাসা থেকে ভূজপুর থানা জামায়াতে ইসলামীর আমীর সাবেক ফটিকছড়ি উপজেলা ভাইস-চেয়ারম্যান জনাব নুর মুহাম্মদ আল কাদেরী ও পাইন্দং ইউনিয়ন আমির মুহাম্মদ মাসুদকে পুলিশ তুলে নিয়ে যায়। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামায়াতের তিন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের  আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে  কোর্ট হাজতে প্রেরণ করা হয়।