ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তার নাম সম্রাট কাজী। তিনি উপজেলার গুণবহা ইউনিয়নের আখালিপাড়া গ্রাম নিবাসী হালিম কাজীর ছেলে। সোমবার আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশে একটি গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছেন এলাকাবাসী।
গুনবহা ইউপি সদস্য আলমগীর বিশ্বাস জানান, গ্রামটির বিশ্বাসপাড়া এলাকার নির্মাণ শ্রমিক সম্রাট কাজী বউয়ের সাথে ঝগড়া-বিবাদের জেরে একটি গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার সাত মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জানান, এটি আত্মহত্যা নাকি এর সাথে অন্য কোনো ঘটনা জড়িত, সেটা নিশ্চিত হতে পুলিশ অধিকতর তদন্ত করছে। সেই সাথে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে।