সখীপুরে ২ জনকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের সখীপুরে বিকাশ অ্যাজেন্ট ব্যবসায়ীসহ দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলা বাজার এলাকার সড়কে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে বিকাশ অ্যাজেন্ট ব্যবসায়ী শাহজালাল মিয়া (৩৫) ও একই গ্রামের নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

নিহত শাহজালাল মিয়ার বাবা আবুল হোসেন বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে শাহজালাল দোকান বন্ধ করে হামিদপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিল। এসময় তার সাথে পাশের বাড়ির মজনু মিয়াও ছিল। ফেরার পথে দৃর্বৃত্তরা তাদের দু’জনকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কে ফেলে গেছে। সকালে আমরা বিষয়টি জানতে পারি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুস সামাদ বলেন, রক্তাক্ত অবস্থায় তাদের লাশ পাওয়া গেছে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মোটরসাইকেল ঘটনাস্থলেই পাওয়া গেছে। তবে মোবাইল রিচার্জ ও বিকাশ অ্যাজেন্টের মোবাইল লুট হয়েছে কি-না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘দু’জনকে হত্যার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’