একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলার পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নানসহ চার রাজাকারের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার।
গত মঙ্গলবার (১৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন।
আসামি চারজন হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হেতালিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদার ওরফে আ. মান্নান ডিলার ওরফে মান্নাফ, একই এলাকার আশ্রাব আলী ওরফে আশরাফ আলী হাওলাদার, চরখালী এলাকার মো. মহারাজ হাওলাদার ওরফে হাতকাটা মহারাজ (জামিন) এবং নুরুল আমিন হাওলাদার (পলাতক)।
সেদিন আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি জানিয়ে শুনানি করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট গাজী এমএইচ তামিম।
মুক্তিযুদ্ধের সময় অবৈধ আটক নির্যাতন অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে।
চারটি অভিযোগে ২৪ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, আসামিদের গুলিতে তিন ব্যক্তি ও এক নারীকে গুরুতর জখম, এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যুর কথা বলা হয়েছে।