গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মান্নান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। সোমবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে।
স্থানীয়রা জানান, খায়েরহাট গ্রামের দুই চাচাতো ভাই মান্নান শেখ ও হেমায়েত শেখের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল রোববার বিকালে খায়েরহাট ব্রিজের কাছে মান্নান শেখের সমর্থক রঞ্জু শেখ ও হেমায়েতের সমর্থক রাসেল শেখের মধ্যে কথা কাটাকাট হয়। এ সময় উভয়ই দেখে নেয়ার হুমকি দেয়। এরই জেরে সোমবার সকাল পৌনে ৬টার দিকে দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে মান্নান শেখসহ উভয় পক্ষের ৫-৬ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় মান্নান শেখকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে একজনকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিরা অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।