ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ভোলার বোরহানউদ্দিন ‍উপজেলায় প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়ার পথে অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোরহানউদ্দিন পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মো. শামীম (২৫) ও সুজন (২২)। গ্রেপ্তারকৃত মো. শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার নথি থেকে জানা যায়, গত ১১ জুলাই প্রেমিকের সঙ্গে ঘুরতে যাওয়ার উদ্দেশে ভোর ৬টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বের হয়। তারা বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকার ভাসনার মোড় পৌঁছালে তাদের পথরোধ করেন মো. শামীম ও সুজন নামের দুই যুবক। এ সময় তাদের ভয়ভীতি দেখিয়ে শামীমের নানার খালি ঘরে নিয়ে প্রেমিককে মারধর করে এবং স্কুলছাত্রীকে অন্য রুমে আটকে রেখে ধর্ষণ করে। পরে প্রেমিককে ছেড়ে দিলে ওইদিন বিকেলে মোবাইলে মেয়ের পরিবারকে এ ঘটনা জানায় প্রেমিক। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে শামীমের নানার খালি ঘর থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে স্কুলছাত্রীকে বোরহানউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় পরদিন ১২ই জুলাই মেয়েটির মা বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা করেন। পরে ওই দিন ১ নম্বর আসামি মো. শামীমকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন অপর আসামি সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত শামীম প্রাথমিকভাবে ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।