যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক নয়

যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৪ জুলাই) সকালে নিজ সংসদীয় এলাকা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, যারা সংবিধান মানে না, তারা বাংলাদেশের নাগরিক না। নাগরিকত্ব পরিচয় দেয়াটা তাদের জন্য সঠিক নয়।

আনিসুল হক বলেন, বিএনপি নেতারা অনেক কথাই বলতে পারে। তবে তারা যাই বলুক আমরা কিন্তু বাংলাদেশের সংবিধান মেনে চলেছি। এর কারণ একাত্তরে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এ সংবিধান উপহার দিয়েছেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। আমরা তার সেই নির্দেশনা মেনে ২০৪১ সালের মধ্যেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব।