ষাট বছরের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট দেখছে হলিউড। বিভিন্ন দাবিতে চিত্রনাট্যকারদের শুরু করা এই কর্মবিরতিতে যোগ দিয়েছেন অভিনেতারাও। খবর বিবিসি।
এর আগে একাধিক তারকা বিচ্ছিন্নভাবে সংহতি ও কাজ থেকে বিরতির ঘোষণা দেন। এবার আনুষ্ঠানিকভাবে চিত্রনাট্যকাদের সঙ্গে যোগ দিয়েছে অভিনেতাদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি)। এক বিবৃতিতে বলা হয়, তারাও চান স্ট্রিমিং জায়ান্টরা লাভের ন্যায্য ভাগাভাগিতে আসুক। কাজের শর্তের উন্নতির পক্ষেও তারা।
গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত মধ্যরাত থেকে এক লাখ ৬০ হাজার অভিনেতার এই সংগঠন কাজ বন্ধের ঘোষণা দেয়।
এই কর্মবিরতির কারণে মার্কিন চলচ্চিত্র ও টিভি প্রোডাকশনের বিশাল অংশ বন্ধ হয়ে যাবে।
ধর্মঘটের সঙ্গে একাত্ম জানিয়ে গতকাল রাতে লন্ডনে অনুষ্ঠিত ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ সিনেমার প্রিমিয়ার ছেড়ে যান কিলিয়ান মারফি, ম্যাট ড্যামন ও এমিলি ব্লান্টের মতো তারকারা।
লস অ্যাঞ্জেলসে মধ্যরাত তথা বাংলাদেশ সময় আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে কর্মবিরতি কার্যকর হয়েছে। আজ প্যারামাউন্ট, ওয়ার্নার ব্রস ও ডিজনির সামনে হাজির হবেন কর্মসূচি পালনকারীরা। এর আগে তারা নেটফ্লিক্সের ক্যালিফোর্নিয়া সদর দফতরের বাইরে জড়ো হবেন।
স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস মিলিতভাবে এসএজি-এএফটিআরএ নামে পরিচিত। তাদের দাবির মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে আশঙ্কাও উঠে এসেছে। যেখানে বলা হচ্ছে, এআই ও কম্পিউটার নির্মিত চেহারা ও কণ্ঠ অভিনেতাদের বিকল্প হিসেবে প্রতিস্থাপন করা যাবে না।
ধর্মঘটের নিন্দা জানিয়েছে স্টুডিওগুলোর প্রতিনিধিত্বকারী অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস বা এএমপিটিপি।
তারা বলছে, ধর্মঘট প্রত্যাশিত হলেও এতটা আশা করেনি। কারণে টিভি শো ও চলচ্চিত্রের অভিনয়শিল্পীদের ছাড়া স্টুডিওগুলো চলতে পারে না। ইউনিয়নের এ সিদ্ধান্ত চলচ্চিত্র শিল্পের ওপর নির্ভরশীল অগণিত মানুষের আর্থিক ক্ষতির কারণ হবে।
অবশ্য এআই নিয়ে এএমপিটিপি বলেছে, তারা অভিনেতাদের ডিজিটাল সাদৃশ্য রক্ষা করবে। তাদের সম্মতির ভিত্তিতেই ডিজিটাল প্রতিলিপি ব্যবহার করা হবে।
কিন্তু একদিনের পারিশ্রমিক দিয়ে তৈরি ডিজিটাল প্রতিলিপি অনন্তকাল ব্যবহারের বিপক্ষে যুক্তি দিয়েছে এসএজি।
এছাড়া স্ট্রিমিং পরিষেবাগুলোর কাছ থেকে চলচ্চিত্র ও শোর প্রচারের ভিত্তি করে লভ্যাংশ চায় তারা।
ধর্মঘটে কয়েক হাজার অভিনেতা অন্তর্ভুক্ত আছে প্রথম সারির সহকর্মীদের তুলনায় একেবারে কম বেতন পান।
এসএজি প্রেসিডেন্ট ফ্রান ড্রেসচার বলেছেন, ধর্মঘট এ শিল্পের অভিনেতাদের জন্য ‘খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত’।
যথাযথ বেতন ও কর্ম পরিবেশের দাবিতে রাইটার্স গিল্ড অব আমেরিকার সাড়ে ১১ হাজার সদস্য গত ২ মে থেকে ধর্মঘট করছে।
১৯৬০ সালের পর এই প্রথমবার হলিউডে ‘দ্বৈত ধর্মঘট’ পালন হচ্ছে। ওই সময় এসএজির নেতৃত্বে ছিলেন অভিনেতা রোনাল্ড রিগান, যিনি পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। আর অভিনেতারা শেষবার ধর্মঘটে নামে ১৯৮০ সালে।