টাঙ্গাইলের ঘাটাইলে আলম মিয়া (৩৮) নামের এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ছুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী মাস্টারের ছেলে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন আলম মিয়ার ঘরে সিঁধ কাটা দেখতে পায়। এ সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা আলম মিয়াকে ডাকাডাকি করে। কোনো সারাশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আলম মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, রাতের কোনো এক সময় চোর চক্র আলম মিয়ার ঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। এরপর চুরি করার সময় হয়তো আলম মিয়া ওই চোরদের চিনে ফেলায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।