বিশ্ব জনসংখ্যা দিবস আজ

নারী ও কন্যাশিশুর অসীম সম্ভাবনাকে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে আজ ১১ জুলাই পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। একই সঙ্গে জনসংখ্যাকে কাঙ্ক্ষিত মাত্রায় রেখে বিদ্যমান সম্পদের পরিবেশবান্ধব ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করে সরকার সংশ্লিষ্টরা।

জানা গেছে, ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো ৯০টি দেশে জনসংখ্যা দিবস উদযাপিত হয়। এরই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছরও বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করছে। দিবসটির প্রতিপাদ্য—‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ কর্মসূচি সম্প্রচার করছে।