সরকারপ্রধান অশুভ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) আবারও দলীয় লোক দিয়ে পুলিশ-প্রশাসন সাজাচ্ছেন। মন্ত্রীর পিএসদের ডিসি বানাচ্ছেন। এপিএসদের গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন। আর জয়দেব নামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি নেতাদের মামলা তদারকি করে দ্রুত সাজার ব্যবস্থা করতে।’
সোমবার (১০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে রিজভী এসব কথা বলেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনা করে এই দোয়া হয়।
সরকারপ্রধানকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে স্তব্ধ করে দিতে চান। তিনি নিজে প্রকাশ্যে বলেছেন, আমি চাইলে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে পারতাম। খালেদা জিয়াকে বিরোধী দলের নেতা নাও বানাতে পারতাম। এই যে অসততা, ক্রোধ, হুঙ্কার- তাতেই প্রমাণিত হয় তিনি মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছেন।’
আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আজ প্রতিটি মানুষ নিপীড়নের মুখে। প্রতিদিন আদালতে হাজিরা দিতে দিতে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের সর্বোচ্চ নিপীড়নের শিকার। এ অবস্থা থেকে অচিরেই পরিত্রাণ ঘটবে। জনসম্পৃক্ত আন্দোলনে এই সরকারের বিদায় ঘটবে।’
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু প্রমুখ।