খাসজমি লিজের প্রলোভন দেখিয়ে নদী ভাঙা ভূমিহীনদের প্রায় অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন চন্দ্র নগরের এরশাদ নগর এলকায় জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে বিভিন্ন অযুহাতে এসব টাকা হাতিয়ে নেয় চক্রটি। এসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। চক্রটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
রবিবার (৯ জুলাই ২০২৩) বিকেলে সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারগুলো।
ভুক্তভোগীরা জানান, বেশকিছু নদী ভাঙা ভূমিহীন পরিবার এরশাদ নগর এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করে আসছে। সেখানে গত কয়েক বছর ধরে প্রতারক শেখ রফিকুল আলমসহ একটি কুচক্রী মহল জেলা প্রশাসক বরাবর লিজের জন্য আবেদনের একটা কপি দিয়ে হাতিয়ে নিয়েছে ৩ থেকে পাঁচ লাখ টাকা।
ভুক্তভোগীরা পরবর্তীতে জানতে পারে, জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে নেওয়া এসব টাকার সঙ্গে জেলা প্রশাসক এবং জেলা প্রশাসনের কোন কর্মকর্তার সম্পৃক্ত নেই। তাদের থেকে হাতিয়ে নেওয়া টাকা ফেরত চাইলে তাদেরকে মারধর, মিথ্যা মামলা ও বিভিন্ন হয়রানি করা হচ্ছে।
তাঁরা আরও জানান, প্রতারক রফিকের নামে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ ৯ টি মামলা রয়েছে। রফিক নিজেকে কোথাও রাজনৈতিক বড় বড় নেতাদের বন্ধুবান্ধব পরিচয় দেয়, আবার কোথাও কোথাও কোর্টের মুন্সি পরিচয়ে এসব অপকর্ম চালিয়ে আসছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলকাবাসী। এছাড়া এসব কর্কাণ্ডের বিষয়ে এলাকার কেউ প্রতিবাদ করলে তাঁদেরকেও মিথ্যা মামলা দিয়ে এবং বিভিন্ন হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে ভুক্তভোগী সিরাজ সওদাগর, লাকী আক্তার, পারুল বেগম, মো. বাহার, পারভীন বেগম, আবদুল মালেক, কুলসুম বেগম, আনু বেগম ও তানিয়া বেগমসহ প্রায় দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
চক্রটিকে গ্রেপ্তার ও ভূমিহীনদের কষ্টার্জিত টাকাগুলো উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী পরিবারগুলো।