ফকিরাপুলে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

রাজধানী ফকিরাপুল মোড়ে ট্রাকের ধাক্কায় মো. নাঈম নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওয়াসিম নামের এক মুরগি ব্যবসায়ী। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ জুলাই) রাত সোয়া দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নাঈম ময়মনসিংহ সদর থানার চর ভাটিয়াপাড়া গ্রামের মো. আজিজুল ইসলামের ছেলে। তিনি মুগদা পূর্ব মানিকনগর বালুর মাঠ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পল্টন থানার উপপরিদর্শক মো. আকরামুল ইসলাম বলেন, ’মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ’রাত সোয়া ২টার দিকে ভ্যানচালক নাঈম কাপ্তান বাজার থেকে মুরগি নিয়ে মগবাজার যাচ্ছিলেন। ফকিরাপুল মোড়ে আসা মাত্রই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় ওয়াসিম নামের এক মুরগি ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ’সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।’