খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৫ নির্দেশনা

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (৯ জুলাই) সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে।

তবে দুই সপ্তাহ ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এডিস মশার বংশ বিস্তার নিয়ে আতঙ্ক রয়েছে। তাই, ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনাগুলো হলো : 

১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ২. মাঠ কিংবা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। ৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে। এবং ৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ/শিক্ষকরা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো প্রত্যেক শিক্ষার্থীকে অবহিত করতে হবে।