৬ বিভাগে বৃষ্টি বাড়তে পারে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ছয় বিভাগে বৃষ্টি বাড়তে পারে। এসব বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে আপাতত দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকছে।

শুক্রবার আষাঢ় মাসের ২৩ তারিখ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা কোথাও বেশি কোথাও কম ছিল। এ সময়ে সবচেয়ে বেশি ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে টেকনাফে। ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শুক্রবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা (বজ্রমেঘ) সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।