রাজধানীতে চাকরি দেয়ার কথা বলে ডেকে নিয়ে ৪০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী।
এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে রাজধানীর সেগুনবাগিচা এলাকার জিকে টাওয়ারের ৪র্থ তলায় একটি অফিসে এই ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর স্বজনরা জানান, চাকরি দেয়ার কথা বলে অভিযুক্ত ব্যক্তি মঙ্গলবার দুপুরে ফোনে ওই নারীকে সেগুনবাগিচার জিকে টাওয়ারের ৪র্থ তলায় ডেকে নেয়। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় জোরপূর্বক তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেয়া হয়। তখন তিনি সেখান থেকে বের হয়ে যান। পরে স্বজনদের ফোন করে বিষয়টি জানালে তারা শিল্পকলা একাডেমির পাশের রাস্তা থেকে তাকে হাসপাতালে নিয়ে যান।
তারা আরও জানান, পুরান ঢাকায় বাসবাসকারী ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। রাজধানীর হাইকোর্ট মাজারে গিয়ে কান্নাকাটি করার সময় পঞ্চাশোর্ধ্ব বয়সী এক ব্যক্তি তার কাছে কান্নাকাটির কারণ জানতে চান। তখন পরিবারের অস্বচ্ছলতা ও স্বামীর অসুস্থতার কথা জানালে ওই ব্যক্তি তাকে চাকরি দেয়ার প্রস্তাব দেয়। তার ফোন নম্বর নিয়ে নেয় এবং পরবর্তীতে তাকে ফোন দিয়ে ডেকে নেন।
বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আরিফ রাব্বানী জানান, চিকিৎসার জন্য ওই নারীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।