লস অ্যাঞ্জেলেসে শাহরুখ খান আহত, নাকে অস্ত্রোপচার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড তারকা শাহরুখ খান। দুর্ঘটনার পর তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার এ খবর জানা গেছে হিন্দুস্তান টাইমসের খবরে।
জানা গেছে, শুটিং করতে গিয়ে শাহরুখ নাকে ব্যথা পান এবং রক্তক্ষরণ হতে থাকে। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, শাহরুখ খানের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন।

শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জাওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে এই অভিনেতাকে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টুকটাক কিছু প্যাচ শুটও চলছে। তেমন কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন কি না সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।