ঝিনাইদহে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের মাঠ থেকে অজ্ঞাত যুবকের (৩২) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঘাস কাটতে যেয়ে গ্রামবাসী মরদেহটি দেখতে পায়। তারপর তারা পুলিশকে খবর দেয়।

তারা আরো জানায়, মরদেহটি কমপক্ষে ২/৩ দিন আগের। লাশ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। মাথা ও ধড় আলাদাভাবে একই জায়গায় পড়ে আছে। লাশের ২০ গজ দূরে সিগারেট, বিস্কুটসহ যৌন কাজে ব্যবহার্য বেশকিছু সরঞ্জামাদিও পড়ে আছে বলেও তারা জানায়।

ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। আড়ুয়াকান্দী গ্রামের উত্তর পাড়ার বাবু নামক ব্যক্তির পাট ক্ষেতের আইলের পাশেই লাশটি পড়ে ছিল। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ দিয়ে পচা গন্ধ বের হচ্ছে। সেকারণে ধারণা করা হচ্ছে, লাশটি দুই-তিন দিন আগের। লাশের কয়েক গজ দূরে আমরা কিছু সিগারেট, বিস্কুটসহ নেশা ও যৌনকাজে ব্যাবহার্য সরঞ্জামাদি উদ্ধার করেছি। তদন্ত চলছে। পুলিশের ক্রাইম সিন টিম আলামত সংগ্রহ করেছে। কি কারণে এমন হত্যাকাণ্ড হতে পারে তা তদন্তের পরেই বলা যাবে।

তিনি আরো জানান, লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি।