সারাদেশে এক কোটি ৪১ হাজার পশু কোরবানি

চলতি পঈদুল আজহায় সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে। গত বছর ঈদুল আজহায় সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদি পশু কোরবানি হয়। আজ শুক্রবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

তিনি জানান, এবারের ঈদে কোরবানির জন্য অনলাইন প্ল্যাটফর্মসহ পশুর হাটগুলোতে মোট ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি হয়েছে। এরমধ্যে ৪৩ লাখ ৬১ হাজার গরু-মহিষ ও ৫০ লাখ ৮১ হাজার ছাগল, ভেড়া ও অন্যান্য পশু বিক্রি হয়েছে। যা টাকার অংকে ৬০ হাজার কোটি টাকার বেশি।

মো. ইফতেখার হোসেন  জানান, বিক্রি হওয়া মোট গবাদিপশুর এ সংখ্যা দিয়ে কোরবানিকৃত মোট পশুর সংখ্যা নিরূপণ করা যাবে না। কারণ বিক্রিকৃত পশুর সঙ্গে গৃহপালিত যেসব গবাদিপশু কোরবানি হয়েছে, সেগুলো যুক্ত করে এবছর মোট কোরবানি হওয়া গবাদিপশুর সংখ্যা নির্ধারণ হবে। এ বছর ঈদুল আজহায় সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে।

জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশনসহ সারাদেশে মোট কোরবানির পশুর হাটের সংখ্যা ছিল ৩ হাজার ২৪৯টি। ৪৩ লাখ ৬১ হাজার গরু-মহিষ ৪৭ হাজার কোটি টাকার বেশি এবং ৫০ লাখ ৮১ হাজার ছাগল-ভেড়া ও অন্যান্য পশু ১৩ হাজার কোটি টাকার বেশি বিক্রি হয়েছে। মোট ৬০ হাজার কোটি টাকার বেশি পশু বিক্রি হয়েছে।