সদরঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লেগেছে বলে আজ (শুক্রবার) বেলা ১১টায় খবর আসে। দুপুর ১১টা পাঁচ মিনিটে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়।

তিনি আরও জানান, লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় গণমাধ্যমকে জানান, লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না।