আজ কোথায় কখন ঈদের জামাত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার সকাল সাতটায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত হবে। অন্যদিকে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামীকাল বৃহস্পতিবার ঈদের সকালে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেবেন।  তবে আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদগাহের বদলে আধাঘণ্টা পিছিয়ে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে।

ঢাকা :

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাতের মধ্যে প্রথমটি হবে সকাল ৭টায়। এ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক প্রথম জামাতে ইমামতি করবেন। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম; মুকাব্বিরের দায়িত্ব পালনে থাকবেন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান। পর্যায়ক্রমে সকাল ৯টা, ১০টায় ও বেলা পৌনে ১১টায় আরও তিনটি জামাত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং ৯টায় দুটি জামাত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল সাড়ে ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় জামাত হবে। আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় হবে ঈদের জামাত।

চট্টগ্রাম :

চট্টগ্রামে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে প্রধান দুটি ঈদ জামাত হবে। পাশাপাশি ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে আলাদা ঈদ জামাত হবে। এবারের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মৌলানা আহমদুল হক।

নগরীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল সাড়ে ৭টায় আটটি মসজিদে ঈদ জামাত হবে বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা আজিজ আহম্মেদ। এগুলো হলো- লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ। ঈদের দিন সকাল ৮টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এমএ আজিজ সংলগ্ন জিমনেসিয়াম মাঠে ঈদের জামাত হবে।

বরিশাল :

নগরীতে প্রধান ঈদ জামায়াত হবে সকাল ৭টায় নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে। সাড়ে ৭টায় আমতলা মোড়ে বরিশাল ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে হবে দ্বিতীয় প্রধান জামাত। জেলার সবচেয়ে বড় জামাত হবে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমোনাই পীরের দরবার শরীফে। সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই জামাত হবে। এছাড়া উজিরপুরের গুটিয়ার নান্দনিক বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় ঈদের জামাত হবে। দুইটি করে জামাত হবে নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে।

নগরীর বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব ও মাওলানা আব্দুল কাদের জানান, সকাল ৮টায় সেখানে প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। গির্জামহল্লার জামে কসাই মসজিদে সকাল ৭টায় সেখানে প্রথম জামাত এবং সকাল ৯টায় দ্বিতীয় জামাত হবে। চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৯টায় দুটি জামাত হবে। নগরীর আলেকান্দা নূরিয়া স্কুল মাঠে সকাল সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায় দুটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। চৌমাথা মারকাজ মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়।

ময়মনসিংহ :

ময়মনসিংহ জেলার প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার জামাত হবে। প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত হবে। আকুয়া মার্কাজ মসজিদের মাঠে সকাল ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে সকাল ৮টায়, ভাটিকাশর জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ও জেলাখানা মসজিদে সকাল ৮টায় জামাত হবে। এছাড়া জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত হবে।

রাজশাহী :

রাজশাহীতে সকাল ৮টায় এবার ঈদুল আজহার প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। তবে বৃষ্টি হলে বা আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় ঈদের প্রধান জামাত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ জামে মসজিদে। মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পর পর দুটি জামাত হবে। দ্বিতীয় প্রধান জামাতও হবে সকাল ৮টায়, মহানগর ঈদগাহে (টিকাপাড়া)। বৃষ্টি হলে একই সময়ে পাশেই থাকা টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত হবে। এছাড়া সকাল ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত হবে বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৭টায় ঈদ জামাত হবে।

সিলেট :

সিলেটে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত হবে নগরীর শাহী ঈদগাহ ময়দানে। একই সময়ে সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে। শাহজালালের দরগাহ মসজিদে সকাল ৮টায় হবে ঈদ জামাত। এছাড়া নগরীর ছোট-বড় আরও তিন হাজার ঈদগাহ ও মসজিদে ঈদ জামাতের আয়োজন থাকছে।

খুলনা :

প্রধান জামাত অনুষ্ঠিত হবে খুলনা সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।টাউন জামে মসজিদে দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদরাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল সোয়া ৮টা ও সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সোয়া ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রংপুর :

প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহে। ঈমামতি করবেন হাফেজ মাওলানা হাফিজুল ইসলাম। আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়। সেখানে ৯টায় হবে দ্বিতীয় জামাত। এছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, হজরত মাওলানা কেরামত আলী মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে সকাল সাড়ে ৯টায়, মণ্ডল পাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায়, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায়, বুড়িরহাট মাঠে সকাল ৯টায় ঈদের জামাত হবে।