যমুনায় টিকটকের সময় শিক্ষার্থী নিখোঁজ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে টিকটক করার সময় এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ সময় দুজনকে উদ্ধার করেছেন এলাকাবাসী।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার বাহাদুরাবাদ ফুটানী বাজারঘাট নৌ-টার্মিনালে এ ঘটনা ঘটে।

Advertisement

নিখোঁজ শিক্ষার্থীর নাম আপন (১৬)।  সে এ বছর জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার বাড়ি দেওয়ানগঞ্জ চিকাজানী গ্রামে।

জানা যায়, নৌ-টার্মিনালে টিকটক করার সময় আপন হঠাৎ নদীতে পড়ে যায়। প্রচণ্ড স্রোত থাকায় সে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের জন্য নদীতে তল্লাশি চালাচ্ছে। রাত সাড়ে ৭টায় এ সংবাদ লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন।  ওই ছাত্রকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরিরা দল তল্লাশি চালাচ্ছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, টিকটক করতে এসে তিন বন্ধু পানিতে পড়ে। জীবিত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া দুজনের নাম জানা যায়নি।