যুক্তরাষ্ট্রে বসবে ৩২ দলের প্রথম ক্লাব বিশ্বকাপ

প্রথমবারের মতো ৩২টি ক্লাব নিয়ে হতে চলেছে ক্লাব ফুটবলের বিশ্বকাপ। ২০২৫ সাল থেকে চার বছর পরপর আয়োজন করা হবে আসটির। ৩২ দলের বিশ্বকাপের প্রথম আসনটির আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শুক্রবার এই ঘোষণা করে।

বিবৃতিতে ফিফা জানায়, ‘২০২৫ সাল হবে পেশাদার পুরুষ ক্লাবগুলোর শীর্ষ প্রতিযোগিতাটি। প্রয়োজনীয় অবকাঠামো ও স্থানীয় বিশাল স্বার্থ মাথায় রেখে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রকে আদর্শ আয়োজক মনে হচ্ছে।’

২০২৫ ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায় পরপর তিন বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফুটবলের বড় তিনটি আসর। কানাডা ও মেক্সিকোকে নিয়ে যুক্তরাষ্ট্র আয়োজন করবে ২০২৬ সালের বিশ্বকাপ।

আর ২০২৪ সালের কোপা আমেরিকার আয়োজক হিসেবে দেশটির নাম ঘোষণা করা ছিল আগেই। এবার যোগ হলো ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ

কাতার বিশ্বকাপের সময় ফিফা প্রধান ইনফান্তিনো বলেছিলেন, ‘২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ, যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’ এতে করে এই বছর থেকে এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে।