বাংলাদেশে ১০ বছর এলএনজি দেবে ওমান

ওমান থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির জন্য ১০ বছর মেয়াদি নতুন চুক্তি করেছে সরকার। এই চুক্তির আওতায় বাংলাদেশের তেল, গ্যাস ও খনিজ করপোরেশন-পেট্রোবাংলাকে শূন্য দশমিক ২৫ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে ওমানের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওকিউটি।


সোমবার (১৯ জুন) রাজধানী সোনারগাঁও হোটেলে বাংলাদেশের পক্ষে পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম ও ওমানের পক্ষে অল ওকিউটির নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী চুক্তিতে স্বাক্ষর করেন।

 

 

পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম জানান, বৈশ্বিক জ্বালানি বাজারে ঘন-ঘন দামের ওঠা-নামার কারণে অস্থিরতা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে বাংলাদেশ তার এলএনজি আমদানি বাড়াচ্ছে। এ পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ২০২৬ সাল থেকে পরবর্তী ১৫ বছরের জন্য বার্ষিক অতিরিক্ত ১৫ লাখ টন এলএনজি পাওয়ার জন্য কাতারের সঙ্গে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে।

পেট্রোবাংলা কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন রাস লাফান লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের (কাতারগ্যাস) সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে। নতুন চুক্তির অধীনে কাতার ২০২৬ থেকে ২০৪০ সাল পর্যন্ত প্রতিবছর অতিরিক্ত প্রায় ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে। বর্তমানে বাংলাদেশ ২০১৭ সালে স্বাক্ষরিত একটি বিদ্যমান চুক্তির অধীনে ২০১৮ সাল থেকে ১ দশমিক ৮২ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন এমটিপিএ এলএনজি আমদানি করছে।

দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রতিদিন প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) চাহিদা চার হাজার এমএমসিএফডির বিপরীতে প্রায় ১ হাজার এমএমসিএফডির ঘাটতি রয়েছে। মোট উৎপাদনের মধ্যে ৭০০ এমএমসিএফডি আমদানি করা হয় এবং ২ হাজার ৩০০ এমএমসিএফডি আমদানি করা হয়।