- চট্টগ্রাম বেবিটেক্সি টেম্পু ড্রাইভার্স ও সহকারী ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন তার ওপর হামলার ঘটনায় থানায় দায়ের সাধারণ ডায়রি প্রত্যাহার করে নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদের একটি রেস্টেুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জিডি প্রত্যাহার করে নেয়ার বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে ফারুক হোসেন বলেন, গত ১০ জুন কোতোয়ালী থানার দোস্ত বিল্ডিং এর পাশে আমার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনা কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়রি দাখিল করি। যার নম্বর ১২৯০। জিডি করার পর থেকে একটি পক্ষ এটিকে পুজিঁ করে মিথ্যাভাবে বিআরটিএ’র সম্মানিত অফিসারদের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। বিভিন্নজনকে মিথ্যা তথ্য দিচ্ছে। আমার ওপর হামলা করলেও কারা করেছে, কী উদ্দেশ্যে করেছে আমি জানি না।
তিনি বলেন, ডিজিতে আমি কারো নাম উল্লেখ করিনি। তারপরও একটি সুবিধাবাদীচক্র বিআরটিসি কর্মকর্তাদের জড়িয়ে কল্পকাহিনী বানিয়ে ফায়দা লুটার চেস্টা করছে। আর কেউ যাতে আমার জিডিকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে এজন্য আমি আমার জিডি প্রত্যাহার করে নিয়েছি।
জিডি প্রত্যাহারের আবেদনে তিনি উল্লেখ করেন, ঘটনাটি আমি মনে করি ভুল বুঝাবুঝি। সেহেতু বর্ণিত ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থায় বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসা করে ফেলেছি। এখন কারও বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। ভবিষ্যতেও এ ব্যাপারে কারো বিরুদ্ধে অভিযোগ করব না।’