চট্টগ্রামে নাশকতার দুই মামলায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (১৫ জুন) নগরের দামপাড়ায় সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন।
তিনি বলেন, নগরের কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় বিভিন্ন দেয়ালে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সংবলিত ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল ভাঙচুর করার ঘটনায় কোতোয়ালী থানায় ৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২শ থেকে ২৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম কলেজের গেটের সামনে নাশকতার ঘটনায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২শ থেকে ২৫০ জনের নামে চকবাজার থানায় মামলা করা হয়েছে। নগরের কোতোয়ালী, চকবাজার, বাকলিয়া, চাঁন্দগাও ও মহানগর গোয়েন্দা বিভাগ বুধবার রাতে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে।
প্রসঙ্গত, নগরীর কাজীর দেউড়ির মোড়ে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশে’ মিছিল নিয়ে যাওয়ার পথে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।
একই মিছিল থেকে জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ অন্তত ৫০টি চিত্রকর্ম ভাংচুরের ঘটনা ঘটে। ভাংচুর চলাকালে জামালখান থেকে আসকার দিঘীর পাড় হয়ে কাজীর দেউড়িতে সমাবেশস্থলের আগ পর্যন্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানপাট বন্ধ করে দেয়া হয়। সড়কে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।