
দেশের দুই সিটি করপোরেশন খুলনা ও বরিশালে শুরু হয়েছে ভোটগ্রহণ। সোমবার (১২ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।
নির্বাচন কমিশন খুলনা ও বরিশালে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয়ভাবে নির্বাচন ভবনে বসে সিসি টিভি ক্যামেরায় দুই সিটির ভোট পর্যবেক্ষণ করবেন সিইসিসহ অন্য কমিশনাররা।
ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেন, ‘বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন গাজীপুরের নির্বাচনের চেয়ে ভালো হবে বলে বিশ্বাস করি। অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে অতীতের চেয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। পুরো সময় সিসি ক্যামেরায় নজর রাখা হবে।’