বাকলিয়ায় যুবদলের নেতাদের নিয়ে ডা. শাহাদাতের প্রচারপত্র বিলি

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে তার আজ্ঞাবহদের কুইক রেন্টাল দিয়ে কুইক লুটপাটের সুযোগ করে দিয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা তাদের হাতে তুলে দিয়েছে। সরকার আইন করে এদের দায়মুক্তিও দিয়েছে। এসব কারণে দেশে চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। অথচ বিশ্ববাজারে কয়লা, গ্যাসসহ জ্বালানি তেলের দাম কমলেও টাকার অভাবে কয়লা, এলএনজি গ্যাস, ফার্নেস অয়েল আমদানি করতে পারছে না সরকার। যার ফলে পায়রাসহ অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। প্রচণ্ড দাবদাহে সীমাহীন লোডশেডিংয়ে জনজীবন নাকাল।

গণতন্ত্র ও ভোটাধিকার হরণের প্রতিবাদে চলমান আন্দোলনকে সফল করতে সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১৪ জুন চট্টগ্রাম মহানগরে কাজীর দেউরীর মোড়ে দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলন শুরু হবে।

তিনি ১০ জুন (শনিবার) নগরের বাকলিয়ায় যুবদলের উদ্যোগে ১৪ জুন তারুণ্যের সমাবেশ সফল করতে  প্রচারপত্র বিলির সময় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রচারপত্র বিলির সময় নগর যুবদলের নেতৃবৃন্দ, থানা কমিটির নেতৃবৃন্দ, বিএনপি, ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।