একই ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ

জয়পুরহাটের আক্কেলপুরে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার গোপীনাথপুরের আলাদীপুর পশ্চিমপাড়ায় নিজ ঘরের আড়া থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানানো হবে।

মৃত ব্যক্তিরা হলেন সোহেল মণ্ডল ও তার স্ত্রী পারুল বিবি। সোহেল মণ্ডল দিনমজুরের কাজ করতেন।

গোপীনাথপুর ইউপি সদস্য এবং ওই একই গ্রামের বাসিন্দা খালেক মোল্লা বলেন, সোহেল দিনমজুরের কাজ করতেন। ১১টার দিকে খবর পাই সোহেল ও তার স্ত্রী আত্মহত্যা করেছেন। সেখানে গিয়ে তাদের মরদেহ দেখতে পাই। পুলিশ ঘটনাস্থলে এসেছে। কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।