‘অনেরা ক্যান আছন’—চট্টগ্রামে তারেক রহমান

চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসমাবেশে আঞ্চলিক ভাষায় শুভেচ্ছা জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অনেরা ক্যান আছন (আপনারা কেমন আছেন)?’ মঞ্চের সামনে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকেরা একযোগে জবাব দেন, ‘ভালা আছি (ভালো আছি)।’ এই কথোপকথনের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে তাঁর সরাসরি অংশগ্রহণ শুরু হয়।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছান। মাঠে প্রবেশের পর তিনি প্রথমে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে মঞ্চে উঠে বক্তব্য দেন। তাঁর আগমনকে ঘিরে পলোগ্রাউন্ড মাঠে ছিল বিপুল মানুষের উপস্থিতি। ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা থেকে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।

বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘আজ আমরা সবাই একত্র হয়েছি একটি লক্ষ্য সামনে রেখে। একটি পরিবর্তনের লক্ষ্যে আমরা একত্র হয়েছি।’ তিনি বলেন, ‘এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রাম, যেখানে তিনি শহীদ হয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। চট্টগ্রামের সঙ্গে আমার এবং আমার পরিবারের আবেগের গভীর সম্পর্ক রয়েছে।’ তারেক রহমান বলেন, এই জনসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি নতুন পরিবর্তনের বার্তা বহন করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই জনসমাবেশের আয়োজন করে বিএনপি। মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা। মাঠজুড়ে দেখা যায় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। উচ্ছ্বসিত জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পলোগ্রাউন্ড এলাকা।

তারেক রহমান বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস নিয়ে রাজনীতি করে আসছে। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। তিনি জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানকে চট্টগ্রামের মাটিতে দেখে তাঁরা উজ্জীবিত। তাঁদের মতে, এই জনসমাবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি বড় প্রমাণ।