রাজধানীতে যানজট নিরসনে নামানো হবে ১০০ বিদ্যুৎ চালিত বিশেষ গাড়ি

 

রাজধানী ঢাকায় যানজট নিরসনে ১০০ বিদ্যুৎ চালিত বিশেষ গাড়ি নামানোর কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিআরটিসির অধীনে অক্টোবর-নভেম্বরে এ গাড়িগুলো নামানো হবে।’

বিআরটিএর প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে ঈদ উপলক্ষ্যে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক  সভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

বিদ্যুৎ চালিত গাড়ি নামানোর বিষয়ে ২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ২০০ কোটি ডলারের সমঝোতা চুক্তি হয়, যা দ্বিতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।

জানা গেছে, এই চুক্তির আওতায় বিআরটিসির জন্য ৩০০টি বিদ্যুৎ চালিত দ্বিতল এসি বাস সংগ্রহ করা হচ্ছে। তারই প্রথম চালানের ১০০ বাস অক্টোবরে ঢাকায় আসার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসারণ হ্রাসের লক্ষ্যে সরকার ইলেকট্রিক ভেহিকল নীতিমালা প্রণয়নের কাজ করছে।